ঢাকা থেকে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো, তাই নিজের ভোটটাও ঢাকায় স্থানান্তর করেছি। ভোট যেন অপচয় না হয়, সেজন্য এ পদক্ষেপ। ভোটার হওয়ার পরও ২০১৮ ও ২০২৪ সালে কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার নিশ্চিতভাবে ভোট দিতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচন কোথা থেকে করবো, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে লক্ষ্য ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা। আপাতত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। বিএনপি কোনো আসন ফাঁকা রেখেছে কি না, তা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে আমি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো।”


