মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও একজন আসামির রায়ের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসন্ন ১৭ নভেম্বর (সোমবার) মামলার রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার রায়ের দিন নির্ধারণের ঘোষণা দেন। তার নেতৃত্বে থাকা তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন—
বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম ও ফারুক আহাম্মদসহ অন্যান্য সদস্যরা।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, মামলাটির তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্ব শেষ হয়েছে অনেক আগেই, এখন আদালতের রায়ের অপেক্ষা।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এখন রায় ঘোষণার প্রস্তুতি নিয়েছে।


