আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি আবারও জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
দুই পক্ষের বৈঠকে আলোচ্য বিষয় ছিল যথেষ্ট বিস্তৃত—
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন,অবৈধ অভিবাসন প্রতিরোধ,বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ,রোহিঙ্গা ইস্যু,বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
অধ্যাপক ইউনুস জানান, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণ হবে ব্যাপক। তিনি বলেন,
“এবারের নির্বাচন হবে সত্যিকারের অংশগ্রহণমূলক। বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দিতে পারবে—যা গত ১৬ বছরে সম্ভব হয়নি সাজানো তিনটি নির্বাচনের কারণে।”
তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং দলটি এখন আর নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় নেই।
বৈঠকে বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণা বাড়াতে বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয়ে অগ্রসর হচ্ছে।
ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস চ্যাপম্যান বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।
বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।


