কাঁচামাল ব্যবসায়ীর ড্রামে ভরা ২৬ খণ্ড লাশ, নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা

জাতীয়
কাঁচামাল ব্যবসায়ীর ড্রামে ভরা ২৬ খণ্ড লাশ, নিহতের বন্ধুকে প্রধান আসামি করে মামলা
নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪৩) হত্যাকাণ্ডে তার বন্ধু **মো. জরেজ মিয়া (৪২)**কে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় ঈদগাহের কাছে দুটি নীল রঙের ড্রামে আশরাফুলের ২৬ খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) নিহতের ছোট বোন আনজিরা বেগম শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, আশরাফুল হক মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, জরেজ ও অজ্ঞাতনামা সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুলকে কুপিয়ে হত্যা করে মরদেহ দুটি ড্রামে ভরে ফেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনাস্থলে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যান। সন্ধ্যায় স্থানীয়রা দুর্গন্ধে পুলিশকে খবর দেয়। ড্রাম খুলে দেখা যায়, মরদেহ কালো পলিথিনে মোড়ানো অবস্থায় চালের মধ্যে রাখা ছিল।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের স্বজনরা বলেন, আশরাফুল ও জরেজ ব্যবসায়িকভাবে যুক্ত ছিলেন এবং তারা রংপুর থেকে একসঙ্গে ঢাকায় এসেছিলেন। জাকির হোসেন, নিহতের বোনের স্বামী, জানিয়েছেন, “আমরা হত্যার বিচার চাই; টাকা-পয়সার বিষয় এখনো স্পষ্ট নয়।”