আমার মক্কেল খালাস পাবে: শেখ হাসিনার আইনজীবী
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, তার মক্কেলের খালাস পাওয়া—এটাই তার ব্যক্তিগত আশা ও প্রত্যাশা।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি তো সবসময়ই চাইব আমার মক্কেল খালাস পাক। এত মাস ধরে তার পক্ষ হয়ে লড়ছি—স্বাভাবিকভাবেই খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না।”
আইনজীবী আমির হোসেন দাবি করেন, ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার অত্যন্ত ভালোভাবে হয়েছে। যদি রায়ে শেখ হাসিনা খালাস পান, আমি সবচেয়ে বেশি আনন্দিত হব।”
শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আইনজীবী জানান, তিনি নিজেও কোনো যোগাযোগের চেষ্টা করেননি এবং শেখ হাসিনার দিক থেকেও কোনো সহায়তা বা বার্তা আসেনি।
তার ভাষায়, “আইন অনুযায়ী যোগাযোগের কোনো বিধান নেই। উনারা যদি প্রচ্ছন্নভাবে কোনো সহায়তা করতেন, তা আমার জন্য সুবিধাজনক হতো। কিন্তু কেউ কিছু করেননি।”


