ধানমন্ডিতে পৌঁছেছে দুটি বুলডোজার

জাতীয়
ধানমন্ডিতে পৌঁছেছে দুটি বুলডোজার
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুইটি বুলডোজার নিয়ে উপস্থিত হয়েছেন কয়েকজন তরুণ। সোমবার সন্ধ্যায় এলাকাটি সরেজমিনে ঘুরে দেখা যায়, বুলডোজারের পাশে অবস্থান নেওয়া ওই তরুণরা নিজেদের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে তারা সেখানে জড়ো হন বলে জানা যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপস্থিত জনতার ভিড় বাড়তে থাকে এবং কিছু উত্তেজিত ব্যক্তিরা বাড়িটিতে ভাঙচুর চালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এদিকে আজ সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। পাঁচটি অভিযোগের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি মামুন ইতোমধ্যে আদালতে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী রায় ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে ছাত্র কর্মীদের উপস্থিতি পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে স্থানীয়রা জানান।