রাজনৈতিক বাস্তবতার উত্তাপ আমাকে ফিল করতে হয়: সিইসি

জাতীয়
রাজনৈতিক বাস্তবতার উত্তাপ আমাকে ফিল করতে হয়: সিইসি
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

রাজনৈতিক বাস্তবতার চাপ অনুভব করেই নির্বাচন কমিশনকে কাজ এগিয়ে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে আপনারা অনেকে অবগত। আমি সব কিছু খুলে বলতে চাই না, তবে এর যে উত্তাপ—সেটা এখানে বসেই টের পাই।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সিইসি এ কথা বলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকেই দেশের রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে তার পরিচয়। “মান্না ভাইকে নেতা হিসেবে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে স্যারদের সঙ্গে কাজ করেছি। পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখে আসছি। বেসিক ডেমোক্রেসি থেকে শুরু করে আজ পর্যন্ত—সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতার ঘাটতি নেই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সবসময় সহজ নয়। “এ বাস্তবতাগুলো মাথায় রেখেই কমিশনকে পথ চলতে হচ্ছে। পরিস্থিতি সবসময় মসৃণ হয় না, কিন্তু আমরা চেষ্টা করছি সঠিকভাবে কাজ চালিয়ে যেতে।”

সিইসি জানান, কমিশন ‘কম কথা, বেশি কাজে’—এই নীতিতেই এগোচ্ছে। “সব দিক বিবেচনায় আমরা সামনে এগুচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সফলভাবেই কাজ করতে পেরেছি।”