ভূমিকম্পের পর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা
দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নামতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে জারি করা সরকারি বার্তায় বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি প্রতিক্রিয়া নিশ্চিত করতে প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির প্রাথমিক খবরের পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম পরিচালনা করছেন।
সরকারি বার্তায় আরও জানানো হয়, ভূমিকম্প নিয়ে সামাজিকমাধ্যমে বিভিন্ন গুজব ছড়াতে দেখা যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সবাইকে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সরকারি হটলাইন ও প্রচলিত তথ্য চ্যানেলে পরবর্তী নির্দেশনা জানানো হবে।
দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সরকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
কম্পনের প্রভাবে ঢাকার পুরান এলাকায় একটি ভবনের সানশেড ধসে তিনজন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়ালধসে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন; রাজধানীর বিভিন্ন অংশে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সরকার জানিয়েছে, উদ্ধারকাজ, পরিদর্শন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ—সবই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হচ্ছে।


