সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেনাবাহিনী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আজ রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উক্ত অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে তিনজনকে মরণোত্তর সেনাবাহিনী পদক দেওয়া হয়।
সেনাপ্রধান বলেন, “সামনের নির্বাচনে আমরা যথাযথভাবে, ইনশাল্লাহ, সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যাতে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়।”
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।”
সশস্ত্র বাহিনী দিবসের এ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যরা সম্মাননা ও পদকের মাধ্যমে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও অবদানের স্বীকৃতি পেলেন।


