ঘরে বসেই আজ থেকে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ

জাতীয়
ঘরে বসেই আজ থেকে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

ঢাকা মেট্রোরেলে যাত্রীসুবিধা বাড়াতে আজ (২৫ নভেম্বর) থেকে চালু হচ্ছে অনলাইন রিচার্জ সেবা। নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা ঘরে বসে র‍্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করতে পারবেন, স্টেশনে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, আগারগাঁও মেট্রোস্টেশনে বেলা পৌনে ১১টায় সেবার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে যাত্রী কার্ড নির্বাচন করে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট বা অন্য যেকোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তবে রিচার্জ কার্যকর হবে তখনই, যখন স্টেশনে স্থাপিত নতুন এভিএম (অ্যাডভান্সড ভেন্ডিং মেশিন) যন্ত্রে কার্ড স্পর্শ করে তথ্য হালনাগাদ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনলাইন পেমেন্টে পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। এ সময় এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে রিচার্জের সাত দিনের মধ্যে নিজেও টাকা ফেরত নিতে পারবেন।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপন করা হচ্ছে। প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র থাকবে।
বর্তমানে কার্ডে যাত্রী তথ্য ও ব্যালেন্স সংরক্ষিত থাকে, কিন্তু অনলাইন রিচার্জে তথ্য সফটওয়্যারে থাকবে। তাই যাত্রাপূর্বে এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করা বাধ্যতামূলক।

মেট্রোরেলে র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহারকারীরা নিয়মিত ১০ শতাংশ ভাড়া ছাড় পান। বর্তমানে মোট যাত্রীর ৫৫ শতাংশ এই কার্ড ব্যবহার করছেন, বাকি ৪৫ শতাংশ একক যাত্রা কার্ড ব্যবহার করছেন। প্রতিদিন গড়ে প্রায় ৪.৫ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।
অক্টোবর থেকে সময়সূচি পরিবর্তন করে প্রথম ও শেষ ট্রেনের সময় আগানো হয়েছে। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯:৩০ মিনিটে ছাড়ে। মতিঝিলে প্রথম ট্রেন সকাল ৭:১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০:১০ মিনিটে ছাড়ে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় দুই মিনিট কমিয়ে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।