৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন না হওয়া এবং সময় বৃদ্ধির দাবিতে দীর্ঘ আন্দোলনের পর পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারের নেতা সাইফ মুরাদ। তিনি বলেন, “লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই মানবিক বিবেচনায় পরীক্ষা পিছানোর আহ্বান গুরুত্ব পাচ্ছে না। ফলশ্রুতিতে আমরা পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে পৌঁছেছি।”
সাইফ মুরাদ জানান, আন্দোলনকারীরা গত ৩০ দিন ধরে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধান চেয়েছেন। আন্দোলনের সময় ৪০–৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, কেউ কেউ ১০ টিরও বেশি সেলাই পেয়েছেন। তিনি অভিযোগ করেন, আহত শিক্ষার্থীদের প্রতি সরকারি কোনো পক্ষের খোঁজখবর নেই।
তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক কোনো স্লোগান দেইনি, শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চেয়েছি। কিন্তু পিএসসির চেয়ারম্যান নিজের রোডম্যাপের জেদে পরীক্ষা আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন। আমরা শুধু সময় চেয়েছি যাতে নতুন পরীক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে।”
অপরদিকে, সরকারি কর্মকমিশন (পিএসসি) এখনও আগের সিদ্ধান্তেই অটল। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।


