তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয়
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন—তার পথে সরকারের কোনো ধরনের আপত্তি বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

শফিকুল আলম লেখেন, তারেক রহমানের আজকের বিবৃতিতে দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একার নিয়ন্ত্রণে নেই—এমন মন্তব্য ঘিরে অনেকে জানতে চেয়েছেন, সরকারের পক্ষ থেকে কি কোনো বাধা আছে। “সরকার এ বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি, এমনকি কোনো আপত্তিও জানানো হয়নি”—স্পষ্টভাবে এমনটাই জানান প্রেস সচিব।

তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর রোগমুক্তির জন্য জাতির কাছে দোয়া চেয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে শনিবার সকালে তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “সংকটকালে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা আমারও আছে, যেমন থাকে যে কোনো সন্তানের। কিন্তু বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বর্তমানে আমার একক নিয়ন্ত্রণে নেই।” তিনি আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরবেন বলে তাঁর পরিবার আশাবাদী।

তারেক রহমানের এই বক্তব্যের পরই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে প্রেস সচিব শফিকুল আলমের এই ব্যাখ্যা আসে। এতে দেশে ফেরার পথে কোনো বাধা নেই বলে স্পষ্ট করে জানানো হয়।