বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

জাতীয়
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন। কমিশনের অন্য সদস্যরা ছিলেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ (অব.), ড. এম. আকবর আলী (ডিআইজি, অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদঘাটনে যে ভূমিকা রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিবেদনে জাতির জন্য শিক্ষণীয় বহু বিষয় উঠে এসেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৬ বছর আগে সংঘটিত এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এবং অনেক যুক্ত ব্যক্তি বিদেশে চলে গেছেন। তবুও সাক্ষীদের ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য নেওয়া হয়েছে, তদন্তকারীদের রিপোর্ট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এবং প্রধান সমন্বয়কের ভূমিকা ছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের। স্থানীয় আওয়ামী লীগ নিহতদের রক্ষা করতে সরাসরি অংশগ্রহণ করেছে। ঘটনার সময় প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ ছিল।”

তিনি আরও উল্লেখ করেন, হত্যাকাণ্ডের দায় নিরূপণে তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সবাই দায়ী, এবং পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা স্পষ্ট। কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকাও অপেশাদার ছিল।

কমিশন প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এবং ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশও রাখা হয়েছে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।