ড. ইউনূসের কাজে সন্তুষ্ট ৬৯ শতাংশ মানুষ: আইআরআই

জাতীয়
ড. ইউনূসের কাজে সন্তুষ্ট ৬৯ শতাংশ মানুষ: আইআরআই
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা তুলনামূলকভাবে শক্তিশালী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আইআরআই। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৬৯ শতাংশ মনে করেন, ড. ইউনূস দায়িত্বশীলভাবে কাজ করছেন। একইভাবে ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ওয়েবসাইটে প্রকাশিত হয় ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫’ জরিপ প্রতিবেদনটি। আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এই গবেষণা পরিচালনা করেছে।

আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে মানুষ ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছে। তার প্রতি জনগণের আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং সংস্কারের প্রতি তাদের প্রত্যাশাকে প্রতিফলিত করে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জরিপে আরও উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনগণের উচ্ছ্বাসও উল্লেখযোগ্য। উত্তরদাতাদের ৬৬ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেওয়ার ব্যাপারে “খুবই সম্ভাবনাময়”, আর ২৩ শতাংশ বলেছেন “কিছুটা সম্ভাবনা আছে”। পাশাপাশি ৮০ শতাংশ বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহানা কাও বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে সংস্কার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা এই ফলাফল আরও স্পষ্ট করে তুলেছে।”

নাগরিকরা নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থাকে কীভাবে দেখছেন—সেটি বোঝার জন্য আইআরআই নিয়মিতভাবে দেশে জনমত সমীক্ষা পরিচালনা করে। নির্বাচন সামনে রেখে সংস্থাটি ইতোমধ্যে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন মোতায়েন করেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনে একটি সীমিত পর্যবেক্ষণ মিশন পরিচালনা করবে বলে জানিয়েছে।

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের ৬৩ জেলায় বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে ৪,৯৮৫ জন ভোটার বয়সী নাগরিকের মতামত নেওয়া হয় এ জরিপে।