আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পক্ষে ৬৯ শতাংশ মানুষ: আইআরআই জরিপ
সম্প্রতি অনুষ্ঠিত এক জাতীয় জরিপে প্রকাশিত হয়েছে, দেশের ভবিষ্যৎ নিয়ে নাগরিকদের মধ্যে আশাবাদ দৃঢ় থাকলেও সমস্যাগুলো নিয়ে উদ্বেগও কম নেই। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫’ জরিপে দেখা গেছে, দেশের ভবিষ্যতের প্রতি আশাবাদী মানুষদের সংখ্যা ৮০ শতাংশের বেশি। এর মধ্যে ৪২ শতাংশ মানুষ নিজেকে ‘খুবই আশাবাদী’ হিসেবে অভিহিত করেছেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করছেন, দেশ সঠিক পথে এগোচ্ছে। তারা দেশের উন্নতির কারণ হিসেবে উল্লেখ করেছেন অর্থনৈতিক অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নতি এবং খাদ্য নিরাপত্তা। তবে ৪২ শতাংশ মনে করছেন দেশ ভুল পথে এগোচ্ছে। তাদের প্রধান উদ্বেগের বিষয় হলো নিত্যপণ্যের দাম বৃদ্ধি, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা।
দুর্নীতি দেশকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ২১ শতাংশ নাগরিক। ১৮ শতাংশ মানুষ রাজনৈতিক অস্থিরতাকেও বড় সমস্যা হিসেবে দেখেছেন। জরিপ অনুযায়ী চাকরি, সরকারি প্রকল্প ও জাতীয় চুক্তিতে দুর্নীতির প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়।
রাজনৈতিক সমর্থনের দিক থেকে দেখা গেছে, বিএনপি-জামায়াত সমর্থনের হার প্রায় সমান। বিএনপিকে সমর্থন জানান ৩০ শতাংশ ভোটার, যেখানে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন ২৬ শতাংশ। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থন কম। তবে জোটবদ্ধ নির্বাচন হলে ইসলামী দলগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা রয়েছে। ৬৯ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, আর ৭০ শতাংশ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। আগামী নির্বাচনের প্রতি আশাবাদী ৮০ শতাংশ মানুষ। এছাড়া ৫২ শতাংশ মানুষ দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান।
জরিপের তথ্যে আরো দেখা গেছে, ৬৯ শতাংশ অংশগ্রহণকারী মানুষ জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করাকে তারা সমর্থন করেন।
বিশ্লেষকরা মন্তব্য করেছেন, দেশের তরুণ সমাজের দৃষ্টিভঙ্গিও জরিপের ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকেই মনে করছেন, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের উন্নয়ন ধীরগতি হবে।


