রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা সাহাবুদ্দিনের
রয়টার্সের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়ার ইচ্ছা পোষণ করছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন এবং তাই পদত্যাগের পরিকল্পনা করছেন।
হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও জানান, “ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবো, কারণ সংবিধান আমাকে এই দায়িত্বে থাকতে বাধ্য করছে। তবে এর পর আমি পদ থেকে সরে দাঁড়াব।’’
সাহাবুদ্দিন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস গত সাত মাসে তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি। পাশাপাশি, সেপ্টেম্বরে দেশের সব দূতাবাস ও মিশন থেকে তার ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়। তিনি এ ঘটনাকে ‘ব্যক্তিগত অপমান’ হিসেবে উল্লেখ করেন।
৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি এ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দায়িত্ব গ্রহণ করেছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “রাষ্ট্রপতি হিসেবে সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ এমন সিদ্ধান্ত আমাকে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করেছে।’’
সাহাবুদ্দিন এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে চিঠি লিখলেও কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা না নেওয়ায় তার হতাশা প্রকাশ করেছেন।


