হাদীর ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয়
হাদীর ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে তিনি আহত হাদির দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বিবৃতিতে বলেন,
“নির্বাচনী পরিবেশে সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। এটি দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক। নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো সহিংসতা বরদাশত করা হবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইউনূস আরও বলেন, হামলার সাথে জড়িত সকলের শনাক্তকরণ ও আইনের আওতায় আনার জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ এবং আলামত সংগ্রহের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী ও নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন নিরাপদ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।