হাদি হত্যাচেষ্টা: ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার

জাতীয়
হাদি হত্যাচেষ্টা: ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তিনি একটি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তির একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন— ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।