ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দিল মার্কিন সিনেট
যুক্তরাষ্ট্রের সিনেট বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে। শুক্রবার নিজের লিংকডইন প্রোফাইলে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রেন্ট।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি গত সেপ্টেম্বর মাসে দেশটির প্রেসিডেন্টের মাধ্যমে এই পদে মনোনীত হন।
ক্রিস্টেনসেন জানিয়েছেন, “বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। এই সুযোগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় তার পূর্ব অভিজ্ঞতা নতুন দায়িত্বে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশা করা হচ্ছে।


