প্রথম আলো, ডেইলি স্টারসহ হামলার ঘটনায় ধারাবাহিক তদন্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা

জাতীয়
প্রথম আলো, ডেইলি স্টারসহ হামলার ঘটনায় ধারাবাহিক তদন্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

সাধারণ মানুষ ও প্রকাশনা সংস্থাগুলোর ওপর একাধিক হামলার ঘটনায় কিছু অভিযুক্তের ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে। এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কিছু ছবি ও পরিচয় আমরা শনাক্ত করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

উপদেষ্টা বলেন, ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী এক পোশাক শ্রমিককে হত্যা করার ঘটনাও নিন্দনীয়। তিনি জোর দিয়ে বলেন, আইন নিজের হাতে নেওয়া কোনোভাবেই অনুমোদিত নয়। “এ ধরনের অন্যায়, গর্হিত কাজের সঙ্গে আমরা আপোষ করব না। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে,” তিনি উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা ব্যবস্থা সবসময় পুরোপুরি হামলা ঠেকাতে সক্ষম নাও হতে পারে। “প্রতিটি স্থাপনায় আগেভাগে পুলিশ মোতায়েন করা কঠিন কাজ। তবে আমরা সবসময় এ ধরনের হামলার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি।”

উপদেষ্টা আরও বলেন, “সরকার স্থিতিশীলতা চায়। মব জাস্টিস বা গণরোষ নিয়ন্ত্রণে আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।”

তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ যে সরকারি সহায়তায় হামলা হচ্ছে—এটিকে প্রত্যাখ্যান করে বলেন, “সরকারের কোনো মদদ নেই। আমরা চরম সক্রিয়ভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে কাজ করছি। বাইরে থেকে যারা মন্তব্য বা উস্কানি দিচ্ছে, তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণে সরকার সরাসরি নেই।”