নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয়
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গুজব, ভুয়া তথ্য ও সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

সভায় তিনি বলেন, সরকার নাগরিক সেবাগুলো ক্রমেই অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এসব ডিজিটাল সেবা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ এবং জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা আরও জানান, সাইবার নিরাপত্তায় যুক্ত প্রতিষ্ঠান ও জনবলকে একটি নির্দিষ্ট রেটিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে তাদের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়ন সহজ হয়। একই সঙ্গে আর্থিক খাতে সাইবার অপরাধ রোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আসন্ন নির্বাচনকে ঘিরে গুজব ও মিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি’র মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় জানান, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও কার্যক্রম চলমান রয়েছে। তিনি সেক্টরভিত্তিক সার্ট (CERT) গঠনের উদ্যোগের প্রশংসা করেন।

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেম’-এর বিস্তারিত তুলে ধরেন।

সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, আইজিপি বাহারুল আলম ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।