হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪’র
সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। মঞ্চ-২৪’র নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেয়নি।
এ সময় তারা বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে, তাদের বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা না হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার পদক্ষেপ নেওয়া হবে।
নেতারা আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের মতে, নির্বাচনপূর্ব সময়ে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত করা না গেলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে না।


