ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক জালিয়াতি চক্রের মূল হোতা ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালেই ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল।
অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ। উদ্ধারকৃত আইফোন ও যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য পৌনে ২ কোটি টাকা।
ডিবির তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আইফোনের খুচরা যন্ত্রাংশ দেশে আনা হতো। পরে রাজধানীর গোপন ডেরাগুলোতে দক্ষ কারিগরের মাধ্যমে এসব পার্টস জোড়া লাগিয়ে নতুন আইফোনের মতো তৈরি করা হতো। তৈরি ফোনগুলো একেবারেই নতুন মোড়কে আসল আইফোনের মতো বাজারে বিক্রি করা হতো।
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিন চীনা নাগরিকের সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীরও সরাসরি যোগ রয়েছে। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, “দামী ফোন কেনার সময় অতিরিক্ত সচেতন হতে হবে। অনুমোদিত দোকান থেকে না কিনলে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।”
ডিবি জানাচ্ছে, আসন্ন দিনে চক্রের আরও সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে।


