পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা জেলার দুটি সংসদীয় আসনে আপাতত ভোটগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে সব ধরনের ভোট কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর পাবনা-১ ও পাবনা-২ আসনের পুরোনো সীমানা পুনর্বহাল করে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। তবে ওই প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশে গত ৫ জানুয়ারি স্থগিতাদেশ দেন আপিল বিভাগ।
এক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ নির্দেশ দেন, বাদী লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দুই আসনে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।


