নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ১২ ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব

জাতীয়
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ১২ ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব
নিউজ ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন আদৌ হবে কি না—এমন আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, যারা নিয়মিত ভুয়া তথ্য বা গুজব ছড়াচ্ছেন, তাদের অতীত ভূমিকা সম্পর্কে সরকার অবগত রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শফিকুল আলম বলেন, “নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি—একদিন আগেও নয়, একদিন পরেও নয়। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন এবং এবার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যাবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনা চলছে, যা নির্বাচনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনের দিন সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ২২ দিন বাকি রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

শেষে শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সরকার এ বিষয়গুলো নজরে রাখছে এবং নির্বাচনী পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে।