তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক ও সাউন্ড সিস্টেমের তার চুরি

জাতীয়
তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক ও সাউন্ড সিস্টেমের তার চুরি
নিউজ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের আশপাশ থেকে মাইক ও সাউন্ড সিস্টেমের তার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৮টি মাইক এবং সাউন্ড সিস্টেম সংযোগে ব্যবহৃত পাঁচ কয়েল তার খোয়া গেছে বলে দাবি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। ওই নিরাপত্তার মধ্যেই চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, জনসভায় প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সব মাইক ও সংযোগ লাইন শেষবারের মতো পরীক্ষা করে তারা স্থান ত্যাগ করেন। ওই সময় মাইকের নিরাপত্তার দায়িত্বে দুজন টহলরত ব্যক্তি ছিলেন।

তিনি আরও বলেন, রোববার সকালে মাইক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ১৮টি মাইকের ইউনিট এবং পাঁচ কয়েল তার নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের অবহিত করা হলে তারা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এরপর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।