যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা, পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ

জাতীয়
যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা, পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ
নিউজ ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনার দিকে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে রওনা হন। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে একই দিন সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। পরে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রথম দফায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। পরে ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নেয় আন্দোলনকারীরা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকেও পুলিশের বাধা অতিক্রম করে যমুনার সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।