ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধ, কড়াকড়ি নির্দেশনা ইসির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির কর্মকর্তা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন— ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন আনসার সদস্য। এই আনসার সদস্যরা অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্য হতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে অননুমোদিত তথ্য, ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া রোধ করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নির্বাচনকালীন নিরাপত্তা পর্যবেক্ষণের স্বার্থে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।


