নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় আসবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কাঠমান্ডু-তে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অংশ নেবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র বলেছে, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসা নিশ্চিত হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন না। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে পাঠানোর সিদ্ধান্ত ইসলামাবাদ এখনও জানায়নি। এছাড়া, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারত সরকার জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৩ দেশের সরকারপ্রধান। আমন্ত্রিতদের মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

এর আগে, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করেছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছেন তিনটি আসন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।