ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: পরিবেশমন্ত্রী

জাতীয়
ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: পরিবেশমন্ত্রী
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

 আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। “ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এটা নিয়ে আজ আলোচনা হয়েছে,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কত পরিবার এ সুবিধা পাবে—এমন প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “এটা সার্বজনীন উদ্যোগ। কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে। তারা সম্ভবত হতদরিদ্র থেকে শুরু করে দরিদ্র, তারপর মধ্যবিত্ত—এভাবে ধাপে ধাপে এগোবে।”

এই রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। প্রধানমন্ত্রী চান অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগেই শুরু করতে।”

এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়তে পারে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা তো চালু হবেই। কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যপ্রণালী চূড়ান্ত করছি—কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, সেটি নিয়েই আলোচনা হয়েছে।”