ভিসা জটিলতা নিরসনে সক্রিয় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
ভিসা জটিলতা নিরসনে সক্রিয় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিভিন্ন দেশে ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের যে জটিলতার মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে। সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান বের করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। আত্মমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি জানান, সমন্বিত উদ্যোগের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে। অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় পর্যায়ে সক্রিয় কূটনীতি পরিচালনা করবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।