সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি জানান, প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে এবং তাদের জোটের তিন শরিক দল তিনটি আসনে বিজয়ী হয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। তাদের ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। এসব স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণটি অধিবেশনের আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়। প্রথম অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।


