অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর-১ আসনের কচুয়া উপজেলায় নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পূর্ণ সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ অন্য পেশায় সম্পৃক্ত হলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কচুয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে স্থানীয় সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।