মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার, গ্রেপ্তার ২

জাতীয়
মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার, গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজনের নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন শনিবার (৭ মার্চ) রাতে ছিনতাইয়ের শিকার হন। তারাবির নামাজ শেষে হাঁটতে বের হলে একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় হাঁটছিলেন মোতাহার হোসেন। এ সময় তিনজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে এবং তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তিনি ঘাড় ও চোখে গুরুতর আহত হন।

বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।