প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবেন ৩৭ হাজার ৫৬৪ নারী
দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪জন নারী প্রধান পরিবার এই কার্ড পাবেন।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি জানান, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের পাঁচজন সদস্যকে সুবিধা প্রদান করা হবে। যৌথ বা বড় পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে আনুপাতিকভাবে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী যদি অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পান, তবে সেই সুবিধাগুলো বাতিল গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণ অব্যাহত থাকবে।
পাইলটিং পর্যায়ে উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে ভাতা পাবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান ও ব্যবহৃত গৃহস্থালি সামগ্রীর তথ্য সংগ্রহ করেন। পরে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়।
পাইলট পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্টের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী জানান, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। প্রতিটি পরিবারকে আধুনিক স্পর্শবিহীন স্মার্ট কার্ড দেওয়া হবে, যা কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।
ভাতা জি-টু-পি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই সকল প্রয়োজনীয় অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো বিলম্ব বা হস্তক্ষেপ ছাড়াই ভাতা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছে যায়।


