সরকারি-বিরোধী দলীয় হুইপদের বৈঠক, ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার উদ্যোগ
সংসদ সচিবালয়ে মঙ্গলবার (১০ মার্চ) সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় হুইপদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল বিষয় ছিল জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করা এবং ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা।
বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি এবং মো. নূরুল ইসলাম এমপি।
সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের অধীনে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে উভয়পক্ষই সংসদীয় কার্যক্রমে সহযোগিতা এবং অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন এবং একটি সমন্বিত ও ঐকমত্যপূর্ণ সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


