ঈদে ঝড়-বৃষ্টির শঙ্কা: কালবৈশাখীতে বিঘ্নিত হতে পারে জামাত
বছর ঘুরে আবারও দুয়ারে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ-উৎসবের এই মুহূর্তে দেশের আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে সারাদেশে দফায় দফায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এতে ঈদের নামাজ, বিশেষ করে খোলা ঈদগাহে আয়োজন করা জামাতে বিঘ্ন ঘটতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বিভিন্ন এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ অতিক্রম করে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। পরে এটি চট্টগ্রাম বিভাগ-এও পৌঁছাতে পারে। বিকেলের দিকে আবারও দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় ঈদের দিন দীর্ঘ সময় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
ঈদের আগের দিনের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, শুক্রবার (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার অবনতি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ঈদের পরের দিন থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ভোরে উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টি থাকলেও দিনের বেলায় দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।


