সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, এমন সংসদ বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

জাতীয়
সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, এমন সংসদ বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, কেউ সংসদে এসেছেন ফাঁসির মঞ্চ থেকে, কেউ গুম হওয়া থেকে, আবার কেউ দীর্ঘ জীবন কারাগারে কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসতে পারায় তিনি নিজেকে সম্মানিত মনে করছেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মূলতবি বৈঠকে এই মন্তব্য করেন ডেপুটি স্পিকার। বৈঠক শুরুতেই তিনি সংসদে সভাপতিত্বের সুযোগ কাজে লাগিয়ে সংক্ষিপ্ত ভাষণে দেশের ইতিহাস ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন।

কায়সার কামাল বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডেপুটি স্পিকার ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানকেও স্মরণ করে বলেন, “এই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি।” তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যাদের জীবন কঠিনভাবে পঙ্গুত্ব বা অন্ধত্বে সীমাবদ্ধ, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।