তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলেই মিলবে লাখ টাকা

জাতীয়
তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলেই মিলবে লাখ টাকা
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৬

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষ্ঠু ও সুষম ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অবৈধভাবে তেল মজুদ বা পাচারের সঙ্গে জড়িত, তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

সরকার আরও জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করবেন। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংস্থা—সবাই এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সুযোগ নিয়ে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুদ করছে এবং পরবর্তীতে বেশি দামে বিক্রি করছে।

এ ধরনের অনিয়ম রোধে ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কয়েকটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে অনিয়ম অব্যাহত থাকায় সরকার আরও কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এবং তথ্য সংগ্রহ জোরদার করতে এই পুরস্কার ঘোষণা করেছে।