আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয়
আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ-এ প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে।

সরকারপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার করে অবৈধ অর্থ দেশ থেকে বেরিয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই বিপুল অর্থ বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকংকে সম্ভাব্য গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) সইয়ের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। অন্য দেশগুলোর সঙ্গে এ ধরনের চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন সংস্থা সমন্বয়ে কাজ করছে। বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি দুদক-এর নেতৃত্বে পুলিশের সিআইডি, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা বিভাগের সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।

সরকারপ্রধান জানান, বর্তমানে ১৪১টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৫টির চার্জশিট দাখিল হয়েছে এবং ৬টির রায় দেওয়া হয়েছে।

এছাড়া আদালতের মাধ্যমে দেশে প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ এবং বিদেশে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও মানিলন্ডারিং দমনে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।