চার বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী
দেশব্যাপী নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ-এ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য পূরণে আধুনিক ডিজিটাল কাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু থাকলেও দারিদ্র্য হ্রাস ও পুষ্টি-স্বাস্থ্যে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অভিজ্ঞতায় দেখা গেছে, পরিবারের নারী সদস্যের হাতে সহায়তা পৌঁছালে তা খাদ্য, চিকিৎসা ও শিক্ষায় বেশি কার্যকরভাবে ব্যয় হয়।
এ কারণে ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যের নামে দেওয়া হবে। এতে নারীর আর্থিক নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে মনে করছে সরকার।
কর্মসূচির অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ১০ মার্চ ২০২৬ তারিখে দেশের ১৩টি জেলায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাকি সময়ে আরও ৩০ হাজার পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


