আদানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার

জাতীয়
আদানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার
নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২৬

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চমূল্য ও অসম শর্তের অভিযোগ সামনে আসায় বিষয়টি সমাধানে দ্বিপাক্ষিক আলোচনা কিংবা আন্তর্জাতিক সালিশির পথে যাওয়ার কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ-এ চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, ২০১৭ সালে স্বাক্ষরিত এই চুক্তি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। এতে জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যুক্ত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমিটি চুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখেছে যে, বিদ্যুতের দাম দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে।

জাতীয় কমিটির পর্যবেক্ষণ তুলে ধরে মন্ত্রী বলেন, “অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে চুক্তিটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।”

বর্তমান সরকার এই সংকট সমাধানে দুটি পথ বিবেচনা করছে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া অথবা আদানি পাওয়ারের সঙ্গে সরাসরি আলোচনা করে চুক্তির শর্ত সংশোধন ও দাম কমানো।

২০১৭ সালে ২৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুরু থেকেই এই চুক্তির স্বচ্ছতা ও মূল্য নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক ছিল।

মন্ত্রী জানান, জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।