তেলের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

জাতীয়
তেলের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৬

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যারা মজুতদারি ও কালোবাজারি করে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করা হতে পারে।

আইনমন্ত্রী বলেন, ‘এক শ্রেণির মানুষ একই তেল একই দিনে দুই-তিনবার লাইন দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, বোতল বা ড্রামে ভর্তি করছে। আমরা এতদিন সফট লাইনে ছিলাম, তবে প্রশাসনকে এখন কঠোরভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাকে সবার আগে গ্রেফতার করতে হবে।’

সংবাদদাতাদের জুলাই সনদ বাতিলের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ‘জুলাই সনদ স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকর। গণভোট বাতিল হলেও সনদ বাতিল হবে না। আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়ন করব।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইনমন্ত্রী সরকারের কৃষক ও সাধারণ মানুষের জন্য নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি জানান, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের ঋণ মকুফ করা হয়েছে এবং নেক্সট বাজেটে ফ্যামিলি কার্ড বিতরণ ব্যাপক হারে শুরু হবে। ইতিমধ্যেই ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

তিনি ঘোষণা দেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শৈলকুপাসহ দেশের ১১টি স্থানে কৃষক কার্ড ইস্যু করা হবে। এছাড়া চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা সফর করবেন। আইনমন্ত্রী বলেন, ওই দিন স্থানীয়রা তাকে স্বাগত জানাবেন।