ঢাকায় ৭ দিনের মধ্যে অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণের নির্দেশ
রাজধানীতে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মহানগরীর ভেতরে নির্ধারিত তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য সব স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল—এই তিনটি নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা করা যাবে না।
ডিএমপি জানায়, অনুমোদনহীনভাবে বিভিন্ন স্থানে নাইট কোচ কাউন্টার স্থাপন, যাত্রী ওঠানামা ও পার্কিংয়ের কারণে নগরীর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাতের সময়েও ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব কাউন্টার অপসারণ না করা হলে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে থাকতে পারে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল, সংশ্লিষ্ট মালামাল জব্দ।
ডিএমপি সংশ্লিষ্ট মালিক ও পরিবহন কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে কাউন্টার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।


