ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
হামের মতো মারাত্মক রোগের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে থাকা বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, যেখানে বলা হয়েছে, সারা দেশে হামের আকস্মিক প্রাদুর্ভাবের ফলে ইতোমধ্যেই শতাধিক শিশুর মৃত্যু এবং অগণিত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানিয়েছেন, “হামের টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে হস্তান্তর করা অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা জরুরি।”
আইনি নোটিশে উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, এবং অন্যান্য সংশ্লিষ্ট উপদেষ্টা ও সাবেক প্রেস সচিব।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে এবং প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। ব্যারিস্টার আশরাফুল নোটিশে বলেছেন, অন্যথায় তিনি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।


