রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

জাতীয়
রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই
নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাঈদ হত্যা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ অসন্তোষের কথা জানান।

শহীদ আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, তার ভাইকে গুলি করা দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড হওয়ায় তারা আংশিক সন্তুষ্ট। তবে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তার যাবজ্জীবন এবং অন্যান্য আসামিদের তুলনামূলক কম সাজায় তারা হতাশ।

তিনি অভিযোগ করেন, যারা সরাসরি গুলি চালিয়েছে তাদের ফাঁসি হলেও, যারা এ হামলার নির্দেশ দিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা শেষে প্রসিকিউশনের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে বড় ভাই রমজান আলী বলেন, তারা এই মামলায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রত্যাশা করেছিলেন। তার ভাষায়, এই হত্যার সঠিক বিচার হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত তৈরি হতো। কিন্তু রায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতার মৃত্যুদণ্ড না হওয়ায় তারা ব্যথিত।

উল্লেখ্য, এদিন ঘোষিত রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে ১০ বছর, আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনের হাজতবাসকে দণ্ড হিসেবে গণ্য করা হয়েছে।