বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর পথে অগ্রগতি

জাতীয়
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর পথে অগ্রগতি
নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়া-এ শ্রম অভিবাসন বিষয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমবাজার ইস্যুতে আলোচনার জন্য বুধবার মালয়েশিয়া সফরে যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই এ সংক্রান্ত প্রথম উচ্চপর্যায়ের সফর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে মালয়েশিয়ার খাতভিত্তিক শ্রম চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, শ্রম অভিবাসনে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন ব্যয় হ্রাস, নির্ভরযোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার এবং আটকে পড়া কর্মীদের দ্রুত নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার পক্ষ থেকে একটি প্রযুক্তিনির্ভর, এআইভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানানো হয়। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

এ ছাড়া দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদ প্রদান এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।