আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

জাতীয়
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬

আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনের একটি হোটেলে বাংলাদেশে প্রথমবার ‘নুসুক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরই হজের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ভাড়া প্রায় ১২ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এটি আরও কমিয়ে অন্তত ২০ হাজার টাকা কমানোর পরিকল্পনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, ভবিষ্যতে হজের টিকিট মূল্য নির্ধারণে শুধু যাতায়াত খরচকে ভিত্তি ধরে একটি সাশ্রয়ী কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হজ ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সেবা উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। হাজিদের যাত্রা, আবাসন ও সার্বিক সেবায় যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যেসব হজ এজেন্সি দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা হাজিদের যথাযথ সেবা দিতে পারবে না, তাদের লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ৩৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা যাত্রীদের টিকিট, লাগেজ ও অন্যান্য বিষয়ে সহায়তা করবেন। তাদের কাজে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো নুসুক কার্ড চালু হওয়ায় হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন উদ্যোগগুলোর মাধ্যমে এবারের হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।