জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী
‘জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন করবে বিএনপি’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানালে সবার আগে বিএনপি সাড়া দেয়। “যে সনদে আমরা সই করেছি, সেই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ বাস্তবায়ন করবো,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব পালনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল প্রথমে সনদে স্বাক্ষর না করে পরে যোগ দিয়েছে এবং এখন বিষয়টি নিয়ে বেশি কথা বলছে।
বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির বিভিন্ন জনমুখী কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া উন্নয়ন কার্যক্রম—যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
এছাড়া তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে এবং “স্বৈরাচারের ভূত” আবার সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে দিনভর কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান টাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে জনসভায় যোগ দেন।


