১৯ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭,৬৩৪ হজযাত্রী
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আশকোনা হজ অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন যাত্রী গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার জন্য মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।
হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০০টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। নির্ধারিত সূচি অনুযায়ী, হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।


